প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০:১৬ AM

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চাইবে। তাদের দমন করতে হবে, তাদের ঠেকাতে হবে। বাংলাদেশের মানুষ বিচারহীনতার সংস্কৃতিতে নিমজ্জিত ছিল। নতুন যে প্রজন্ম গড়ে উঠবে তাদের যেন এ ধরনের সংকট মোকাবিলা করতে না হয়।’
সোমবার (৭ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে ‘শ্রাবণ বিদ্রোহ’ নামের একটি তথ্যচিত্রের প্রিমিয়ার শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যচিত্রটি ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত। এটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।
তিনি বলেন, ‘আমরা কখনোই মানবাধিকার লঙ্ঘন হতে দেব না। আমরা ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয় তা নিশ্চিত করব। বাংলাদেশ যে ফ্যাসিবাদকে কবর দিয়েছে সে কবর যেন আর মাথা তুলতে না পারে।’
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
স্বদেশ প্রতিদিন/এমএম