প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:৪৫ পিএম

গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
আজ সোমবার (৭ জুলাই) সকালে নতুন প্রশাসনিক ভবনের নিচে নিজ স্বাক্ষরের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গির আলম।
গণস্বাক্ষর কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গির আলম বলেন, “প্রথমে ছাত্রসমাজ এবং পরে দেশের সর্বস্তরের জনগণ বৈষম্যমুক্ত সমাজ গঠনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। যারা এর জন্য দায়ী, তাদের বিচারের দাবিতে এই কর্মসূচি। সরকার আহতদের চিকিৎসায় নানা পদক্ষেপ গ্রহণ করছে। সেই আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা যেন ঐক্যের মাধ্যমে একটি বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারি- এই আশাবাদ ব্যক্ত করছি।”
এছাড়াও, গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ।
উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই অংশ হিসেবে এই গণস্বাক্ষর কর্মসূচি ১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানা গেছে।