প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬:৪০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশ গঠনের এ যাত্রায় আমরা কোনো আপোষ করব না। জনগণের অধিকারের জন্য আমরা রাজপথে থাকব।”
সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় (স্বাধীনতা চত্বরে) আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এনসিপির পদযাত্রা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিলাম। এই ফ্যাসিবাদ থেকে যদি শিক্ষা না নেওয়া হয়, পরিণতি ভয়াবহ হবে। আমরা আপোষ করিনি, ভবিষ্যতেও করব না।”
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমার ভাই-বোনেরা শহীদ হয়েছেন। তাদের শহীদি মর্যাদা ও সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এজন্য প্রয়োজন জুলাই সনদ। এই দাবিতে কোনো ষড়যন্ত্র, তালবাহানা মেনে নেওয়া হবে না।
নাটোর প্রসঙ্গে তিনি বলেন, “নাটোর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করব। ২৪-এর গণঅভ্যুত্থানে নাটোরের ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল। অথচ এখানে নেই ভালো কলেজ, নেই বিশ্ববিদ্যালয় বা গ্যাসের সুবিধা। উন্নয়নের গল্প অনেক শুনেছি, বাস্তবে কিছুই দেখিনি। নাটোরে শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলা হবে।”
এ সময় সভায় উপস্থিত ছিলেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসলিমা জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
পথে বনপাড়া বাইপাস মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন নাহিদ ইসলাম। তিনি সম্প্রতি শিশু আবির হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান নাহিদ ইসলাম।
স্বদেশ প্রতিদিন/ কেআইকে