প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৮:৩৪ AM

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ায় টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার মহাদেশীয় পর্যায়ে বড় সাফল্য অর্জন করলো ঋতুপর্ণা-মনিকারা। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।
এই অসাধারণ অর্জনকে স্মরণীয় করে রাখতে রোববার (৬ জুলাই) দিবাগত রাত ৩ টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় নারী ফুটবলারদের। একই সঙ্গে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় নগদ পুরস্কার।
এর আগে রাত পৌনে ২ টার দিকে, এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফেরে বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে নিয়ে যাওয়া হয় তাদের। মধ্যরাত হলেও অ্যাম্ফিথিয়েটারের গ্যালারি ছিল ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়ে জমজমাট। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের ছোঁয়া।
সংবর্ধনা মধ্যরাতে আয়োজনের কারণও ছিল বিশেষ। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা, সোমবার সকালে ভুটানের লিগে খেলতে দেশ ছাড়বেন। তাদের সম্মান জানাতে সময়ক্ষেপণ না করে রাতেই আয়োজন করা হয় এই অনুষ্ঠান। পরে রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র-ও ভুটানে যোগ দেবেন।
বাছাইপর্বে স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান এবং বাহরাইন- তিনটি দলের বিপক্ষেই জয় পায় বাংলাদেশ। এই পারফরম্যান্স প্রমাণ করেছে, দলটি এখন এশিয়ার বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত।
ফুটবলপ্রেমীদের চোখ এখন আরও বড় স্বপ্নে- ২০২৭ নারী বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ দেখতে চায় গোটা দেশ।
স্বদেশ প্রতিদিন/এমএম