প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৩:০৭ পিএম

আটক ছাত্রলীগ নেতা আল-আমিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার (৬ জুলাই) বেলা ১২টায় আল-আমিনকে হল ফটক থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত আল-আমিন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক এবং ঢাবি ছাত্রদলের সহ-সদস্য ছিলেন।
ঢাবির ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, “কয়েকজন জুনিয়র হলে ছাত্রলীগ নেতা আল আমিনকে দেখে আমাদের খবর দেয়। আমরা তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেই। তিনি হলে থাকাকালীন শিক্ষার্থীদের গেস্টরুমের নামে নানাভাবে নির্যাতন করতেন। এমনকি পরিক্ষার সময়ও শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “আল-আমিনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এজন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তার বিরুদ্ধে বরগুনা থানায় আরও দুটি মামলা রয়েছে।”