প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২:০৩ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ২:১১ PM

রাজবাড়ীর পাংশা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় চামেলী বেগম (৩৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার ( ৫ জুলাই) দিবাগত রাতে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ও নারী স্ত্রী চামেলী বেগম ওই এলাকার কামাল মন্ডলের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে আনুমানিক ১ টা থেকে ২টার মধ্যে কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।
স্বামী কামাল মণ্ডল জানান, রাত একটায় ঘুম ভেঙে চামেলীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে পাশের কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে ভাই সিরাজ মণ্ডল ও মেয়ে অধরার সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে চামেলীকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তারা। পরে তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চামেলী ও কামাল দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল, মাঝে মধ্যে তাদের মধ্যে কথা কাটাকাটি হত। তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে পাংশা থানার এস আই ওবায়দুর রহমান ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম