প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:২৭ পিএম

সংগৃহীত ছবি
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায় মূলত তারা—যারা নির্বাচনে অংশ নিলে জামানত হারানোর শঙ্কায় থাকে- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, জাতীয় নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তারাই পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে। এখন কেউ কেউ বলছে, নির্বাচন করবো না—সংস্কার না হলে করবো না, বিচার না হলে করবো না, নির্বাচন কমিশন না পাল্টালে করবো না। তাহলে কী করলে নির্বাচন করবে, সেই পরামর্শ তো দিন! শুধু করবো না, করবো না বললে তো হবে না।
এ সময় জাতীয় নির্বাচন ও রাজনীতি নিয়ে এনসিপি (ন্যাশনালিস্ট কনভেনশন পার্টি) নেতাদেরও কটাক্ষ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, তারা বলে, বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আমি বলি, আপনারা নিজেরাই জানেন না, পিআর পদ্ধতি কী জিনিস।
আওয়ামী লীগের রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, চেতনার কথা শেখ মুজিব আর শেখ হাসিনা বলতেন। এখন আবার চেতনার কথা বলে চেতনা বিক্রি করছেন কেউ কেউ। মনে রাখতে হবে, জুলাইয়ের রাজনীতিতে শুধু আওয়ামী লীগের অংশ নেই, বিএনপির নেতাকর্মীরাও ছিল এবং আছে।
বক্তব্যের শেষ দিকে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সংস্কার ও বিচারের নামে তালবাহানা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন আর যেন বাস্তবায়িত না হয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যেসব রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, তা করে নির্বাচন দিন। গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনে আবারও আন্দোলন হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর