প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:১১ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ১২:০১ এএম

৪৪ তম বিসিএসের রেজাল্ট পুনর্মূল্যায়ন, পুলিশি হামলার প্রতিবাদ ও পিএসসি সংস্কারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো চলছে ৪৪ তম বিসিএসের নন ক্যাডারদের অবস্থান কর্মসূচি।
এর আগে, শুক্রবার (৪ জুলাই) বিকেলে শাহবাগে আন্দোলন শেষে পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এ বিষয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী রাজ বলেন, ৪৪তম বিসিএসের চড়ূান্ত ফলাফলে একই পদের ক্যাডারকে আবার সেই ক্যাডারেই রাখা হয়েছে। আমাদের প্রধান দাবি ৪৪ তম বিসিএস এর রেজাল্ট পুনর্মূল্যায়ন করা। একইসাথে, শাহবাগে আমাদের ওপর পুলিশি হামলার বিচার করতে হবে।
তিনি বলেন, "আমরা আপাতত অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি পালন না হলে আমরা যমুনা অভিমুখে লংমার্চ ঘোষণা করবো। প্রয়োজনে আমরণ অনশন শুরু করবো।"
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা বলেন, ৪৪তম বিসিএসের ফলাফলে ৮০০-এর বেশি রিপিটেড ক্যাডার রয়েছেন। এর ফলে আমরা বঞ্চিত হয়েছি। এই প্রহসনমূলক রেজাল্ট ঘোষণা করায় পিএসসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
স্বদেশ প্রতিদিন/ কেআইকে