প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:৪০ পিএম

ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ যারা আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে, তাদের বিচার আমরা নিশ্চিত করব। আগে বিচার, তারপর সংস্কার, এরপর নির্বাচন হতে পারে।”
শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “শহীদ পরিবারগুলোর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। শুধু বর্তমান সরকার নয়, ভবিষ্যতের যেকোনো সরকারকে এই দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও জানান, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে এনসিপি 'জুলাই ঘোষণাপত্র' গ্রহণ করেছে। এ ঘোষণাপত্রে শহীদ পরিবারের অধিকারের বিষয়গুলো সংবিধানে যুক্ত করার দাবি তোলা হয়েছে। একইসঙ্গে এতে বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কারগুলোর রূপরেখাও থাকবে।
তিনি বলেন, আমরা এই দুটি দাবিকে সামনে রেখে সারা দেশে পদযাত্রা কর্মসূচি চালাচ্ছি। এই পদযাত্রা শুধু কর্মসূচি নয়, এটি শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার।
সাক্ষাৎকালে এক আবেগঘন পরিবেশে তিনি আরও বলেন, “আমরা হয়তো গত এক বছরে আপনাদের পাশে সেভাবে দাঁড়াতে পারিনি, যোগাযোগটাও ঠিকমতো হয়নি। এজন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি—এই সম্পর্কটা আজীবনের। আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।”
এ সময় এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর