প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৯:৫৩ AM

সংগৃহীত ছবি
ঢাকার বনানীতে ‘জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ ভাঙচুর, লুটপাট এবং নারী লাঞ্ছনার অভিযোগ উঠেছে যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, ভিআইপি রুম না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন তার অনুসারীদের নিয়ে রেস্টুরেন্টে হামলা চালান। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় শাড়িপরা এক নারী দৌড়ে নিচে নামতে গেলে একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আরেক নারীকেও হামলার শিকার হতে দেখা যায়। ভিডিওতে ৮ থেকে ১০ জনকে হামলায় অংশ নিতে দেখা গেছে।
হোটেলের সহকারী জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বনানী থানায় মনির হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, হামলাকারীরা রেস্টুরেন্টের টিভি, চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরা, মনিটর, ল্যাপটপ ও গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। কাউন্টার থেকে নগদ ৭০ হাজার টাকা এবং স্টোর থেকে প্রায় ৫ লাখ টাকার বিদেশি মদ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দিয়ে বলেন, পুলিশে অভিযোগ করলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হবে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার আগের দিন মনির নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। রুম খালি না থাকায় তাকে সাধারণ টেবিলে বসানো হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়ে চলে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুলাই) যুবদলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মনির হোসেন বহিষ্কৃত নেতা এবং তার অপকর্মের দায় সংগঠন নেবে না। দলীয়ভাবে তার সঙ্গে সকল সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/এনআর