প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৬:৪১ পিএম

বরগুনার তালতলী উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক এবং সি. যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন-এর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার কেন্দ্রীয় বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহিদুল হকের অনুসারী একটি মানববন্ধন করেন। একই সময়ে মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে অপর পক্ষ সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরু করে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পরে ঘটনাস্থলে নৌবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংঘর্ষের কারণে বাজার এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে দুই পক্ষই একে অপরকে দায়ী করছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, গত রোববার এক আম ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন সি. যুগ্ম আহ্বায়ক ও বাজার কমিটির সভাপতি মাহবুবুল আলম মামুন। তারই প্রতিবাদে আজ মানববন্ধনের আয়োজন করে শহিদুল হক এর নেতাকর্মীরা। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
স্বদেশ প্রতিদিন/এমএম