
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ কখনো আশার আলো দেখছে, আবার কখনো হতাশায় নিমজ্জিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার (৩০ জুন) দুপুর আড়াইটায় দিনাজপুরের হাকিমপুর হিলির সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হলরুমে পৌর বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আকাশে যত ঝড়-তুফানই উঠুক না কেন, দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে চায়। গত ১৭ বছর তারা ভোট দিতে পারেনি। আমি সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই- জনগণকে তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিন। জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয় না।’
তিনি আরও বলেন, ‘আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে যাবে, সে সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা বিশ্বাস করি, দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের মাধ্যমেই একটি আধুনিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব।’
সদস্য সংগ্রহ কর্মসূচিতে দলীয় শৃঙ্খলার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘যারা অতীতে দলের বিরুদ্ধে কাজ করেছে, কর্মসূচিতে বাধা দিয়েছে কিংবা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধাভোগী এমন কাউকে সদস্য করা যাবে না। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান যেই হোক, শুধু ভালো মানুষদেরকেই সদস্য নিতে হবে।’
তিনি আরও জানান, প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ২৫ শতাংশ নারী সদস্য নিশ্চিত করতে হবে। নারী সদস্যদের যুক্ত করার মাধ্যমে আমরা শক্তিশালী দল গড়তে চাই। আগামী বছর এই সংখ্যা ৩০ শতাংশে উন্নীত করা হবে।
সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি নতুন সদস্যের ডাটাবেজ তৈরি করা হবে। আলাদা সদস্য কার্ড সরবরাহ করা হবে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এই সময় কোনো দলাদলি, অভিযোগ বা কাদা ছোড়াছুড়ি সহ্য করা হবে না। যার যেখানে বসবাস, সেই ঠিকানা ব্যবহার করেই সদস্য হতে হবে। আমরা বিএনপিকে একটি আপডেটেড ও আধুনিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে চাই।’
অনুষ্ঠান শেষে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৬টি ওয়ার্ডে প্রতিটিতে ২০০ করে সদস্য ফরম বিতরণ করা হয়, অর্থাৎ মোট ৭,২০০ সদস্য ফরম বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাষ্টার, উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন, এরফান আলী, মুশফিকুর চৌধুরী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএম