প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:৫৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের হলের আবাসনসংক্রান্ত সমস্যা নিরসনে ঢাবি উপাচার্যকে চার দফা দাবি-সংবলিত স্মারকলিপি প্রদান করেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীরা।
সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে তিনটায় উপাচার্য কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্মারকলিপিটি গ্রহণ করেন।
জানা গেছে, ঢাবি শিক্ষার্থীদের পাশাপাশি ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস ওয়াচ’-এর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো:
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রত্যেক শিক্ষার্থীর জন্য ক্লাস শুরুর পূর্বেই হলে সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
২. যদি কোনো শিক্ষার্থীর সিট বরাদ্দে বিলম্ব হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবাসন ব্যয়ের জন্য উপযুক্ত বৃত্তি বা ভাতা প্রদান করতে হবে।
৩. পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিল করতে হবে।
৪. এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ম্যানুয়াল মাইগ্রেশন পদ্ধতি চালু করতে হবে, যাতে তারা নিজেদের পছন্দমতো বিভাগে স্থানান্তরের সুযোগ পায়।
আবাসন সংকট নিয়ে উপাচার্য বলেন, ‘আমরা সমুদ্রে ভাসমান, পুরোপুরি দিশাহীন একটি নৌকার মতো অবস্থায় বিশ্ববিদ্যালয়টিকে পেয়েছি। আমরা ব্যক্তিগত উদ্যোগে একাধিকবার সচিবদের দ্বারে দ্বারে গিয়েছি বরাদ্দের জন্য। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ২,৮৪১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন কেবল একনেকের অনুমোদন বাকি। এরপর কাজটি শুরু করতে পারলে, সেখান থেকে কিছু অর্থ নিয়ে দাবিগুলো পূরণের চেষ্টা করব।’
স্বদেশ প্রতিদিন/এমএম