প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১০:৪০ AM আপডেট: ৩০.০৬.২০২৫ ১০:৪৬ এএম

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম তৌফিক ইসলাম নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২০-২১) শিক্ষার্থী এবং শহীদ তাজউদ্দীন আহমদে হলের আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করার মাধ্যমে নাবিল বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ করেছেন। পাশাপাশি এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২ (গ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হয়েছে।
এ প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান অধ্যাদেশের ধারা ৪(১)(খ) অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করেন।
একইসাথে, অধ্যাদেশের ধারা ৪(১)(ক) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রদান করবে।
স্বদেশ প্রতিদিন/এনআর