প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৯:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাবি শাখার উদ্যোগে ফ্রি ওয়াই-ফাই স্থাপন করা হয়েছে।
রবিবার (২৯ জুন) টিএসসির পায়রা চত্বর সংলগ্ন আঙিনায় এই ওয়াই-ফাই স্থাপন করা হয়। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের ঢাবি শাখা সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, এই ইন্টারনেট সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যসামগ্রী সংগ্রহ, গবেষণামূলক তথ্য অনুসন্ধান এবং অনলাইন শিক্ষা সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।
তিনি আরো বলেন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে একটি জ্ঞাননির্ভর ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় এজিএস খায়রুল আহসান মারজান, ঢাবি সেক্রেটারি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরুল হক শান্ত, আইন সম্পাদক শাহরিয়ার জাবির, অর্থ সম্পাদক ইকরামুল কবির, ছাত্র কল্যাণ সম্পাদক ইরফান মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন / কেআইকে