প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৪৩ পিএম

ফাইল ছবি
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (২৭ জুন) থেকে নতুন হিজরি বছর শুরু হবে। সেই হিসাবে আগামী ৬ জুলাই (রোববার) দেশে পবিত্র আশুরা পালিত হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম, তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আলী সরকার, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামানসহ বিভিন্ন ধর্মীয় ও প্রশাসনিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
স্বদেশ প্রতিদিন/এনআর