প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:১৫ পিএম

আটক ৬ জুয়াড়ি
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে।
আজ বুধবার (২৫ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৪ এপ্রিল রাতে পৌর শহরের আমলা পাড়া এলাকায় রতন মিয়ার চায়ের দোকানের পিছনে একটি রুম থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো, পৌর শহরের উত্তরপাড়া এলাকার দানিছ ব্যাপারির বাড়ির তারেক মিয়ার ছেলে নাঈম মিয়া (২৪), নিউ টাউন এলাকার বাচ্চু মিয়ার ছেলে সেলিম মিয়া (৪০), একই এলাকার মাজু মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২৮), উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের নাসির মিয়ার ছেলে শাওন (২৫), ময়মনসিংহের গৌরীপুর সোনাহাটি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে আমিরুল ইসলাম (২৭) ও ভোলা জেলার দৌলতখান চড়পাতা ইউনিয়নের নলগড়া মোল্লা বাড়ির মফিজ মোল্লার ছেলে মো. আহাদ (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৌর শহরের নিউ টাউন এলাকায় রতন মিয়ার চায়ের দোকানের পিছনে একটি টিন সেট রুমে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে পাওয়া যায়। এসময় চা দোকান মালিক রতন মিয়াসহ সবাই পালিয়ে যেতে চেষ্টা করে। রতন মিয়া কৌশলে পালিয়ে গেলেও ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, “জুয়াড়ি ৬ জন টাকার বিনিময়ে জুয়া খেলেছিল। জুয়া খেলা অবস্থায় ১২ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করার পর মামলা দায়ের শেষে আজ সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”