প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:০৪ পিএম

শ্বশুরের ছুরিকাঘাতে জামাই গুরুতর আহত।
কিশোরগঞ্জের ভৈরবে শ্বশুরের ছুরিকাঘাতে জামাই গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আজ বুধবার (২৫ জুন) সকালে গুরুতর আহত সাকিব মিয়া (৪০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাকিবের শ্বাশুড়ি ও বউ জানান, বুধবার সকালে শ্বশুর জসিম মিয়ার সাথে জামাই সাকিব মিয়ার বাকবিতণ্ডার এক পর্যায়ে জসিম মিয়া ঘর থেকে দা এনে জামাই সাকিব মিয়ার উপরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার এসআই শক্তি মৃধা।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাকিবের অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবং আহত সাকিব মিয়ার সাথে তার স্বজনদের না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ দেখা দেয়। ওই চিকিৎসক তাৎক্ষণিক ভৈরব থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাকিবের শ্বাশুড়ি ও বউকে খুঁজে পান। এ সময় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
জানা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর জরুর মোড় এলাকার জসিম মিয়ার মেয়ে ঝরণা বেগমের সাথে ১০ বছর আগে বিয়ে হয় একই এলাকার সাকিব মিয়ার। সাকিব মিয়া ও ঝরণার দাম্পত্য জীবনে ২টি ছেলে সন্তান রয়েছে।
সাকিবের শ্বাশুড়ি রুমা বেগম বলেন, “সাকিব কাজকর্ম করতো না। বরং তার মেয়েকে নিয়মিত নির্যাতন ও অত্যাচার করতো। গত এক বছর আগে আমার মেয়ে তার স্বামী সাকিব মিয়াকে তালাক দেয়। আমার মেয়ে ঝরণা বেগম স্বামী সাকিব মিয়াকে তালাক দেয়ার পরও সে প্রায়ই আমাদের বাড়িতে এসে উদ্ভট আচরণ ও গালাগালি করতো। আজ সকালে বাড়িতে এসে ঝরণাকে না পেয়ে সাকিব আমার সাথে অশুভ আচরণ করেন। খবর পেয়ে শ্বশুর জসিম মিয়া বাড়িতে আসলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হলে সাকিবকে দা দিয়ে আঘাত করে। এ সময় সে মাটিতে লুটে পড়ে। পরে এলাকাবাসী ও আমরা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোজিনা পারভীন বলেন, “সকাল ৯টায় মুমূর্ষু অবস্থায় সাকিব নামে এক রোগীকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।”
ভৈরব থানার এসআই শক্তি মৃধা বলেন, “হাসপাতাল থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সাকিবের সুচিকিৎসার জন্য তার সাবেক স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনদের দায়িত্ব দিয়ে আসি। সাকিবের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”