প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:১৯ পিএম

বেনসন, গোল্ডলিফসহ বিভিন্ন সিগারেট বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা।
বেনসন, গোল্ডলিফসহ বিভিন্ন সিগারেট বেশি দামে বিক্রির অভিযোগে দড়াটানার পাইকারি বিক্রেতা দিলরুবা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সদস্যরা। এছাড়া একই দিন আরেকটি অভিযানে নিউমার্কেট এলাকার স্বপ্নসাদ হোটেলে অভিযান চালিয়ে আরও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এসব অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
সূত্র জানায়, বিভিন্ন সিগারেটের বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছিল দিলরুবা ট্রেডার্স। অভিযান চালিয়ে যার সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান মালিক তৌফিকুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ভোক্তা-অধিকারের একই টিম অভিযান চালায় স্বপ্নসাদ রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দেখা যায় পচা ও বাসি খাবার, যা দেদারসে বিক্রি হচ্ছে। এ সময় প্রতিষ্ঠান মালিক বাদশার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, অভিযোগ রয়েছে দিলরুবা ট্রেডার্স সিগারেটের দাম বাড়িয়ে বিক্রি করছে অন্যদিকে তারা কৃত্রিম সংকটও তৈরি করছে। এতে করে খুচরা বাজারে ব্যাপক প্রভাব পড়ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।