প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:৫০ পিএম

টিকটকভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
মঙ্গলবার (২৪ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী ইসতিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চলতি বছরের ৯ জুন ভুক্তভোগী এক নারী রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর ১১ জুন পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ১ জুলাই মামুন জামিনে মুক্তি পান।
মামলার তদন্ত শেষে ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহজাহান আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে মামুনকে অভিযুক্ত করা হয়।
আসামিপক্ষ অব্যাহতির আবেদন করলেও আদালত তা খারিজ করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তী ধার্য তারিখে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচার শুরু হবে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম