প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১:১৮ পিএম আপডেট: ২৩.০৬.২০২৫ ১:২১ PM

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের অন্তত ছয়টি বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের হিব্রু ভাষার অফিসিয়াল একটি অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের ১৫ টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। পোস্টে সংযুক্ত ছবিতে হামলার লক্ষ্যে পরিণত হওয়া যেসব বিমানবন্দরের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ বিমানবন্দর এবং ডেজফুল বিমানঘাঁটি। খবর আল-জাজিরার।
এক্স পোস্টে আরও বলা হয়েছে, ‘এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ’
ইসরাইলি বাহিনী আরও বলছে, ‘বিমান বাহিনী এই বিমানবন্দরগুলো থেকে উড্ডয়নের ক্ষমতা এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর বিমান শক্তি পরিচালনা ব্যাহত করেছে।’
গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।
তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।
সূত্র: আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম