প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১:০৮ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে এবং দ্বীপটি নিয়ে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। দ্বীপটি নিয়ে একটি মাস্টারপ্ল্যান করা যায় কিনা, চিন্তাভাবনা চলছে। জলবায়ু ট্রাস্ট থেকে এজন্য একটি প্রকল্প নেয়ার উদ্যোগ চলছে।’
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়। এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে।’
বিভিন্ন দূষণ রোধে নেওয়া পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘দেশের শপিং সেন্টারগুলো এখন শতভাগ পলিথিন ব্যাগমুক্ত। কাঁচাবাজারগুলোতে এখনো চাহিদার অভ্যাসগত চ্যালেঞ্জ রয়ে গেছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পাটের ব্যাগ উৎপাদনের উদ্যোগ নিয়েছে; ক্রেতারা সুলভ মূল্যে এসব ব্যাগ কিনতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে কটন বাড ও স্ট্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শিগগিরই এ পণ্যের বিরুদ্ধে অভিযান চলবে।’
সংবাদ সম্মেলনে চলমান মব জাস্টিসের ঘটনাগুলো নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নেবে।’
তিনি বলেন,‘দেশে একটি আদর্শ পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করিনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায়ই সক্রিয় হয়েছে, আরও সক্রিয় হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম