প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৬:০৬ পিএম

চেক প্রতারণার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত। একইসঙ্গে চেকে উল্লিখিত অর্থের সমপরিমাণ জরিমানা করা হয়েছে।
রোববার (২২ জুন) বিকেল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালির মাধ্যমে একটি অ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার দিয়ে মূল্য পরিশোধ করেন। নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেলটি সরবরাহ না করায় ইভ্যালি কর্তৃপক্ষ তাঁকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক দেয়।
চেকটির সর্বশেষ জমা দেওয়ার তারিখ ছিল ১১ জানুয়ারি ২০২২। কিন্তু তা জমা দেওয়ার পর ডিজঅনার হয়। পরে চেক ডিজঅনারের বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়, যা প্রতিষ্ঠানটি ৩০ জানুয়ারি গ্রহণ করে। তবে এরপরও কোনো টাকা পরিশোধ না করায় প্রতারিত হয়ে শেখ তানজির সাতক্ষীরা আমলী আদালত-১-এ মোহাম্মাদ রাসেলের বিরুদ্ধে চেক প্রতারণা প্রতিরোধ আইন (এনআই অ্যাক্ট)-এ মামলা দায়ের করেন।
এ মামলায় আদালত ইভ্যালির সিইও রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লেখিত অর্থ পরিশোধের নির্দেশ দেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বিএম ইমরান শাওন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ