প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১১:১৫ AM

ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশে এখন আগের চেয়ে আরও বেশি তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২১ জুন) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রুমি ফারহানা বলেন, ‘আমরা যখন শেখ হাসিনার আমলে খুব তীব্রভাবে শেখ হাসিনার এবং তার দলের সমালোচনা করেছি, আওয়ামী লীগ দল হিসেবে যে অপকর্মগুলো করেছে গত ১৫ বছর সেগুলোর ব্যাপারে সোচ্চার থেকেছি। আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ব্যাপারে খুবই সোচ্চার থেকেছি।’
তিনি আরও বলেন, ‘তখন শুনতে পেয়েছি, আমি পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট, আইএসআইয়ের চর। এখন অবাক হয়ে দেখছি আইএসআইয়ের এজেন্ট থেকে হঠাৎ করে আমাকে ‘র’-এর এজেন্ট বলা হচ্ছে। তার মানে এই যে খুব দ্রুত আইএসআই থেকে আমি ‘র’-এর এজেন্ট হয়ে গেলাম।’
তিনি বলেন, ‘আগে আওয়ামী লীগ তার দেউলিয়াত্বকে ঢাকার জন্য যেভাবে ব্যক্তিগত আক্রমণের একটা রাস্তা তারা খুঁজে নিয়েছিল; এখনো সেরকম হচ্ছে। এখন খুব অবাক হয়ে দেখছি, যদি আপনি নির্বাচন চান, যদি আপনি সে নির্বাচনের পক্ষে আপনার শক্ত যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইনশৃঙ্খলা এই চারটি সেকশনের স্থিতিশীলতা আনার জন্য একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না। সঙ্গে সঙ্গে আপনাকে ফ্যাসিবাদের দোসর বলা হবে।’
নির্বাচনের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আপনি নির্বাচন চাইছেন, ভারতও নির্বাচন চাইছে। তখন আপনাকে বলা হবে, তার মানে আপনি আর ভারত একই কথা বলছেন। সাদাকে সাদা তো সবাই বলবে। অথচ সাদাকে সাদা বলা মানেই কোনো একটি দেশের পক্ষ নেওয়া নয়।’
স্বদেশ প্রতিদিন/এমএম