প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:৪২ পিএম

চুয়াডাঙ্গা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক লিমন আলীকে (৪০) আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী।
শনিবার (২১ জুন) ভোর ৫ টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
লিমন আলী চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার এতিমখানা রোড এলাকার বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে লিমনের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, চারটি চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা।
অভিযান শেষে সকাল ৬টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, লিমনের বিরুদ্ধে থানায় একটি মামলা এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। এছাড়া ঢাকার বংশাল থানায় তার নামে আরেকটি জিডি রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ-উজ-জামান সিজার লিমনের দলীয় পদে থাকা এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম