
ইসরায়েলের সঙ্গে চলমান ভয়াবহ সংঘাত বন্ধের একমাত্র পথ ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি—এমন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ না করে, তাহলে ইরানের হামলা অব্যাহত থাকবে এবং আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।’
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা এই আগ্রাসনে অংশ নিচ্ছে, তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’
ইরানের অবস্থান কিছুটা নমনীয় করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলের মিত্ররা। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে—ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি ছাড়া আলোচনার কোনো জায়গা নেই। এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। যদিও প্রাথমিক আলোচনা থেকে কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় নিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, "আলোচনার সুযোগ এখনও আছে, তবে তা অনিশ্চিত।"
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দিনভর ইরান-ইসরায়েল একে অপরের ভূখণ্ডে হামলা চালায়। ইরান শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হাইফায় ভয়াবহ হামলা চালায়, যাতে অন্তত ১৭ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, ইসরায়েলের বিরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, আগুনে ভস্মীভূত হয় বহু যানবাহন। শহরের একটি প্রধান সড়কে বড় গর্ত দেখা গেছে। ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের বিরশেবায় একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে।
ইসরায়েলও পাল্টা বিমান হামলা চালিয়েছে ইরানে। দেশটির গণমাধ্যম দাবি করেছে, এসব হামলায় ইরানের একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তবে স্বাধীন সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার তেহরানের রাস্তায় নামে লাখো মানুষ। উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানে হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন।
এদিকে, তেহরান সতর্ক করে জানিয়েছে, চলমান সংঘাতে তৃতীয় কোনো পক্ষ জড়ালে তার পরিণতি হবে ভয়াবহ।
সূত্র: মেহের নিউজ, তাসনিম, তাস, আল-আরাবিয়া, আনাদোলু এজেন্সি
স্বদেশ প্রতিদিন/কেএইচ