প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১১:২৬ AM

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। শনিবার (২১ জুন) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে—গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘শত্রুপক্ষের পক্ষে গুপ্তচরবৃত্তি, সরকারবিরোধী প্রচারণা, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির’ কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, রাষ্ট্রীয় তদন্তে ধৃতদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
গত ১৩ জুন থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনায় ইসরায়েল একাধিকবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
ইসরায়েলি সরকারি তথ্য অনুযায়ী, ইরানের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অপরদিকে, ইরানের গণমাধ্যমের হিসাব মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং আরও ১,৩০০ জনের বেশি আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু
স্বদেশ প্রতিদিন/কেএইচ