প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৪১ AM আপডেট: ২১.০৬.২০২৫ ২:৩০ PM

যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাটোরে ৪ জন নিহত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের কাজীপাড়ার জিল্লুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৭), গাজীপুরের রাজেন্দ্রপুরের আতিক (৩৬), সদর উপজেলার পন্ডিতগ্রামের আহাদ আলীর ছেলে বাবু ও তুষার। নিহত সবাই সিএনজির যাত্রী ছিলেন।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শুক্রবার বিকেলে যাত্রী নিয়ে সিএনজি চালক রাজশাহী থেকে নাটোরের দিকে আসছিলেন। একই সময়ে সিরাজগঞ্জ থেকে রাব্বি নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বিকেল ৫টার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে সিএনজি এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি চালক বাবু ঘটনাস্থলেই নিহত হন।
ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অপর ৩ যাত্রীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহীদুলের মৃত্যু হয়। গুরুতর আহত আতিক ও তুষারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাদের মৃত্যু হয়।
নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, বাসের চালক এবং সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ