প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১:১৬ পিএম

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরসেবায় ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় একটি প্রযুক্তি পার্ক, মাইক্রোসফট অফিস এবং ইসরায়েলি সেনাবাহিনীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরার খবরে জানানো হয়, গাভ-ইয়াম নেগেভ অ্যাডভান্সড টেকনোলজিস পার্কে অবস্থিত মাইক্রোসফট অফিসের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এই পার্কে রোবটিকস, ডেটা সায়েন্সসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। পার্কটি বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের পাশে এবং ইসরায়েলি সেনাবাহিনীর ‘সি-৪-আই’ ইউনিটের কাছেই অবস্থিত।
হামলায় প্রযুক্তি পার্ক এবং কেন্দ্রীয় রেলস্টেশনে দৃশ্যমান ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে কেন্দ্রীয় রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
স্থানীয় সময় সকাল হওয়ার আগেই হামলাটি ঘটে, ফলে অধিকাংশ অফিস তখনও বন্ধ ছিল। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটলেও কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
সূত্র : আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম