প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১২:১৫ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তাদের আটক করা হয়। অভিযুক্তরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঈদের আগে বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফেরার পথে ভুক্তভোগী ছাত্রীকে চেতনানাশক খাইয়ে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে অচেতন অবস্থায় যৌন নির্যাতনের পাশাপাশি ভিডিও ধারণ করা হয়।
প্রথমে ভয় ও সামাজিক কারণে কেউ কিছু বলতে না পারলেও, পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি সহপাঠীদের সঙ্গে শেয়ার করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে নির্যাতনের শিকার শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম