প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১২:০৩ পিএম

রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। গত এক সপ্তাহে কেজিপ্রতি ২ থেকে ৯ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন ধরণের চালের দাম।
শুক্রবার (২০ জুন) নয়াবাজার, কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে বর্তমানে মিনিকেট চাল কেজিতে ৭০ থেকে ৮০ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮৬ টাকা, আটাইশ ৫৬ থেকে ৫৮ টাকা এবং পোলাও চাল ১১৬ থেকে ১১৮ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বোরো ধানের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে চালের বাজারে। সরবরাহ ঠিক থাকলেও উৎপাদনস্থল থেকে ধান সংগ্রহ ও পরিবহনে খরচ বাড়ায় মিলাররা বেশি দামে চাল ছাড়ছেন।
এক বিক্রেতা জানান, সরু চালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মোটা ও মাঝারি দানার চালের দামও বাড়ছে। দাম আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, ক্রেতারা বলছেন, ‘আয় বাড়ছে না অথচ প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
চালের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বস্তি দিতে সরকারকে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম