প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩:৩৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. আলাউদ্দিন (৩৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে তিনি নাহার টাওয়ারের পঞ্চম তলার গাঁথুনির কাজ করছিলেন। এ সময় সহকর্মী মিস্ত্রির সঙ্গে কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু কাউছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
স্বদেশ প্রতিদিন/এমএম