
সংগৃহীত ছবি
গত ঈদে মুক্তিপায় জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। জাহিদ হাসান ছাড়াও ‘উৎসব’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।
এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে। ‘উৎসব’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে রাজধানীর একটি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়।
যেখানে দর্শক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সিনেমার প্রধান চরিত্র জাহিদ হাসান।
জাহিদ হাসান বলেন, “আমি হাসপাতালে থেকেই রিভিউ দেখেছি, মানুষের সাড়া দেখেছি, এসব দেখে সবার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুইয়ে আসছে।’’
তিনি বলেন, “আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম। হাসপাতালে ছিলাম, আইসিউতে ছিলাম। কিন্তু ছবি মুক্তির পর দেখছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, সিনেমা নিয়ে ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন, যা দেখে ভালো লেগেছে।”
এ সময় সাংবাদিকরা পাশ থেকে বলেন, ‘‘জাহিদ হাসান, আজকে আপনারই দিন।’’ পরক্ষণেই আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা।চোখ ভিজে ওঠে কান্নায়।
জাহিদ হাসান আরো বলেন, ‘‘আমার মুশকিল হয়ে গেছে কী জানেন, কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়। কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায়। আপনারা সবাই যখন আমাকে এভাবে আদর করেন, আমার কান্না পায়।’’
ভালোবাসা প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘‘আমার ক্যারিয়ারে ছবি এসেছে কয়েকটা। জাতীয় পুরস্কারও পেয়েছে। তবে এভাবে কোনো সিনেমা আসেনি। এত ক্যামেরা সামনে আসেনি। এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ। ভালোবাসি সবাইকে।’’