প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:৫৬ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ১০:০৪ PM

একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে।
আজ সোমবার (১৬ জুন) সকাল ৭টায় মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরের শেষ বয়ার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রলারে থাকা ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলার, মাছ ও জাল হারিয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন ট্রলারটির মালিক।
জানা যায়, ওই ইউনিয়নের চরগঙ্গা গ্রামের মোশাররফ প্যাদার মালিকানাধীন ট্রলারটি এক সপ্তাহ আগে মাছ ধরতে সাগরে গিয়েছিল। ৮ হাজার পিস মাছ নিয়ে ফেরার পথে ঢেউয়ের জন্য ট্রলারটির তলা ফেটে যায়। একপর্যায়ে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় জেলেদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে ডুবে যাওয়া ট্রলার, মাছ ও মালামাল উদ্ধার করা যায়নি।
উল্লেখ্য, ট্রলারের মালিক মোশাররফ প্যাদার ভাই মোতালেব প্যাদা এসব তথ্য নিশ্চিত করেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন। তবে খোঁজখবর নিচ্ছেন।