প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:২৫ পিএম

আজ ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস
১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ‘সাংবাদিকতা হোক শৃঙ্খল মুক্ত’ এই প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।
বক্তারা ১৯৭৫ সালের ১৬ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাকশাল সরকারের চারটি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, ওই সিদ্ধান্তের মাধ্যমে হাজারো সাংবাদিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যায় এবং দেশের বাকস্বাধীনতা, গণমাধ্যম ও রাজনৈতিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বক্তারা আরো বলেন, “পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। অথচ বর্তমান আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে বহু সংবাদপত্র ও টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে, অনলাইন মাধ্যমও রেহাই পায়নি। এতে কয়েক হাজার সাংবাদিক চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও বক্তারা দাবি করেন।”
তারা বলেন, “একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষা করা জরুরি।”
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।