প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর ঘাট এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) রামকানাই সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ১১টা ৪০ মিনিটে মানিকনগর ঘাটে অভিযান চালায়। পুলিশ উপস্থিত টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।
তল্লাশির সময় আটক ব্যক্তিদের দেহে কসটেপে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা পাওয়া যায়। আটক ব্যক্তিরা হলেন—বৃষ্টি বেগম (৩৫) কুড্ডা, ব্রাহ্মণবাড়িয়া সদর; মো. জামাল মিয়া (২৪) ও কাজল মিয়া (৩৬), দুজনই পশ্চিম সেজামুড়া, বিজয়নগর উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই গাঁজা তারা বিজয়নগরের নিজাম নামে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছে।
নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা (এফআইআর নম্বর-১৪) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযান অব্যাহত থাকবে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ