প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:০২ পিএম

কিশোরগ্যাং সদস্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা
কুমিল্লার দেবীদ্বারে ছাত্রদল সদস্যের উপর হামলাকারী কিশোরগ্যাং সদস্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা এবং তার পরিবারের সদস্যরা।
আজ রবিবার (১৫ জুন) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দেবীদ্বারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। আহত সাজ্জাদ হোসেন সৌরভ (২১) দেবীদ্বার পৌর ছোট আলমপুর গ্রামের মো. সাব্বির হোসেন ছবিরের ছেলে এবং দেবীদ্বার পৌরশাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
বিক্ষোভকারীরা সৌরভের উপর হামলাকারী কিশোরগ্যাং সদস্যদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এবং একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যেসব রাজনৈতিক দল তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করতে এই কিশোর গ্যাংদের সহযোগিতা ও উৎসাহ দিবেন, তাদের রুখতে প্রয়োজনে ছাত্র-জনতা মিলে আবারো মাঠে নামবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টায় দেবীদ্বারে কিশোর গ্যাং সদস্যদের হামলায় চাপাতির কোপের আঘাতে গুরুতর আহত হয় সৌরভ। পরে তাকে ঢাকা নিয়ে চিকিৎসকের পরামর্শে অস্ত্রপাচার করা হয়। ওই ঘটনায় পুত্রকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ এনে সৌরভের বাবা সাব্বির হোসেন ছবির বাদী হয়ে শুক্রবার দুপুরে দেবীদ্বার থানায় ৮ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১৪/১৫ জনসহ ২৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় হামলার পর পুলিশ অভিযান চালিয়ে সৌরভের উপর হামলার অভিযোগে দেবীদ্বার পৌর এলাকার পোনরা (উ. পাড়া) গ্রামের মো. আব্দুস সালামের পুত্র মো. হাসান (১৯) ও ভূষণা গ্রামের বিল্লাল হোসেনের পুত্র মো. সায়মন (২১) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “কিশোর গ্যাং হামলা মামলায় হাসান ও সায়মন নামের দুইজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।”