প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৯:৩০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর নাসিফা জান্নাত আনজুম (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনজুম শেরপুর গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আনজুম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তার মা নাসিমা আক্তার লাকি কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এলাকাবাসীর ধারণা, তাকে অন্য কোথাও হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, "ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছি এবং আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।"
স্বদেশ প্রতিদিন/কেএইচ