প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৭:৫৮ পিএম

সংগৃহীত ছবি
মাদারীপুরের কালকিনি উপজেলায় ঈদ পূর্ণমিলনী উপলক্ষে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। শুক্রবার (১৩ জুন) বিকেলে পৌর এলাকার কাসিমপুর বাজার মাঠে অনুষ্ঠিত এই খেলায় দুই দল কাশিমপুর সিনিয়র একাদশ ও কাশিমপুর জুনিয়র একাদশ অংশগ্রহণ করে।
খেলাটি ছিলো প্রতিদ্বন্দ্বিতামূলক ও মনোমুগ্ধকর; যার ফলাফল হিসেবে সিনিয়র একাদশ ১-০ গোলে জয় অর্জন করে জুনিয়র একাদশকে পরাজিত করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী, কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় জামায়াত নেতা এম. হাসান জামান খান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং বক্তব্যে বলেন, "বর্তমান সময়ে যুবসমাজ মাদকাসক্তি ও মোবাইল গেমে আসক্তির চরম সমস্যায় পতিত হচ্ছে। তাই মাদকের প্রভাব থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রত্যেক পাড়া-মহল্লায় যুবসমাজকে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে।"
এছাড়া কালকিনি স্নানঘাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এস এম শাহ আলম, কালকিনি বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ