প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:৫০ পিএম

বুধবার দিন থেকে রাত পর্যন্ত যে ছেলেটি নিখোঁজ! বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর সংবাদ পাওয়া গেল। স্বজনদের কাছে খবরটি খুব কষ্টের যন্ত্রণার ও বেদনাদায়ক। শিশুটির মা-বাবাকে সান্ত্বনা দেয়ার ভাষা কারোই নেই। তেমনি একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি (মাথিয়ারা) গ্রামের পল্লী চিকিৎসক ওমরের ছেলের।
তার নাম রবিন (১০)। রবিন চট্টগ্রাম বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। ঈদ উদযাপনের জন্য সে ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। সারাদিন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা পল্লী চিকিৎসক ওমর ফারুক। সকালে বাড়ির পাশে ডোবার মধ্যে তার মরদেহটি পাওয়া গেল!
ছেলেটির মুখে ফেনা ও রক্ত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহটি ডোবার মধ্যে ফেলে দেয়া হয়েছে। ফেলে দেয়া হয়েছে তার পাশে তার শখের সাইকেলটিও । ফেনী মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। একটি নিষ্পাপ শিশুর হত্যাকাণ্ডকে ঘিরে পরিবার পরিজনদের মাঝে চলছে কান্নার রোল, বিষাদের ছায়া।
স্বদেশ প্রতিদিন/এনআর