প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৭:০২ পিএম আপডেট: ১১.০৬.২০২৫ ৭:০৪ PM

টাঙ্গাইলের বাসাইল ও গোপালপুর উপজেলায় নদী ও বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে আলাদা স্থানে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৭) এবং ঢাকার রামপুরা এলাকার আব্দুল লতিফের ছেলে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহাল (২৩)।
স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম তার ছয় বন্ধুকে নিয়ে তিনটি মোটরসাইকেলে করে বাসাইল উপজেলার বাসুলিয়ায় ঘুরতে যান। দুপুর দেড়টার দিকে তারা একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে গোসল করতে নামেন। গোসল শেষে ফেরার পথে জাহিদুল নৌকা থেকে লাফ দিলে পানিতে তলিয়ে যান। বন্ধুরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ খান সোহাগ জানান, হাসপাতালে আনার আগেই জাহিদুলের মৃত্যু হয়।
বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, গোপালপুর উপজেলার হাট বৈরান কুমারপাড়া এলাকায় বৈরান নদীতে গোসল করতে নেমে ডুবে যান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহাল। স্থানীয়রা জানান, নিহাল ও আরেকজন একসঙ্গে নদীতে নামেন। তার সঙ্গী উঠতে পারলেও নিহাল নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে নিহালের মরদেহ উদ্ধার করে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ