প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১০:৩৬ পিএম

পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও আগামী ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) সীমিত পরিসরে কিছু এলাকায় ব্যাংক খোলা থাকবে। ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এবং বৈদেশিক লেনদেন সচল রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, ঢাকাসহ চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো তাদের নিজ বিবেচনায় সীমিত পরিসরে খোলা রাখতে পারবে।
ঐ দুই দিন ব্যাংকে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে।
এ নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ