| শিরোনাম: |

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে গেছে স্থানীয় আলেম সমাজের বাধার মুখে। আয়োজকদের অভিযোগ, সব ধরনের অনুমতি নিয়েও তারা বাধার শিকার হয়েছেন।
জাজ মাল্টিমিডিয়ার হেড অব মার্কেটিং কামরুজ্জামান সাইফুল জানান, "সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটির ইউনিভার্সেল রেটেড সার্টিফিকেটসহ সব অনুমোদন ছিল। তবু বাধার মুখে পড়তে হলো। আমি হাত জোড় করে বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছিলাম, কিন্তু আলেম সমাজ অনড় থেকেছেন।"
তাঁর দাবি, ঈদের আগের দিন থেকেই মসজিদ ও মাদ্রাসা থেকে মাইকে সিনেমা প্রদর্শনী বন্ধের আহ্বান জানানো হয়, পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ঈদের দিন ২০-২৫ জন দর্শক নিয়েই সন্ধ্যার শো চালানো হয়। পরদিন হল বন্ধে গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়। পুলিশের সহায়তা চাওয়া হলেও কোনো সাড়া মেলেনি বলে জানান আয়োজক।
সাইফুল বলেন, "অভিযান বা মিছিল না হলেও একধরনের চাপ ছিল। আমি একক সিদ্ধান্তে ঈদের পরদিন প্রদর্শনী চালু রাখি। তবে স্থানীয়ভাবে একটি মিছিল হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।"
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইমাম পরিষদের (ইউনিয়ন শাখা) সহ-সভাপতি হযরত আলী বলেন, "এলাকায় কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সিনেমাটি অশ্লীলতা ছড়াতে পারে—এই শঙ্কায় স্থানীয়রা এর বিরোধিতা করেছেন। আয়োজক বৃহস্পতিবার পর্যন্ত সময় চাইলেও আমরা তাঁকে তা চালানোর অনুমতি দিতে পারি না।"
আয়োজকদের দাবি, জেলা পরিষদ থেকে দৈনিক ১০ হাজার টাকায় পাঁচ দিনের ভাড়া অগ্রিম দিয়ে তারা এক মাসের প্রদর্শনী অনুমতি নিয়েছিলেন। বাধার কারণে এর আগেই তা গুটিয়ে নিতে হচ্ছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করছেন অনেকে, যদিও কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, "দেশে চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ নয়। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হবে।"
স্বদেশ প্রতিদিন/কেএইচ