প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৭:২২ পিএম

হাতিয়ায় বিএনপি’র ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহত ৪ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বলীর পুলের পশ্চিম পাশে রাস্তার মাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন মো. রাফুল (২০), মো. রাসেল (৩৮), মো. মেরাজ (৩০) ও আলাউদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় আলাউদ্দিন জাহেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য বলীর পুলের রাস্তার মাথায় ভীড় করতে থাকেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর গ্রুপের কর্মীরা। কিন্তু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর গ্রুপের সমর্থকদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে উভয় পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, "অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তার মাথায় সবাই জড়ো হলে সেখানে খোকন ও সুমনের নেতৃত্বে আমার কর্মীদের ওপর হামলা করা হয়।"
তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বলেন, "তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী সমর্থকদের অনুষ্ঠানে আসার পথে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। এতে কর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপর আক্রমণ চালানো হয়। এতে আমার ৪ কর্মী আহত হন।"
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, "আমি অনুষ্ঠান স্থলে এবং পুলিশ টহলে আছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।"
স্বদেশ প্রতিদিন/কেএইচ