প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৭:১৮ পিএম আপডেট: ১০.০৬.২০২৫ ৯:২৭ PM

এএফসি এশিয়ান কাপের ম্যাচে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার ঘটনা আজ কেবল একটি খেলা নয়, হয়ে উঠেছে বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য এক উৎসবের নাম। সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই ঢাকার জাতীয় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ম্যাচের টিকিট পাওয়ার জন্য ভক্তরা দুপুর থেকেই স্টেডিয়ামের গেটে ভিড় জমাতে শুরু করেন। বিকেল ৫টার মধ্যেই সব গ্যালারি পূর্ণ হয়ে যায়। বাফুফে ম্যাচের আগে দর্শকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে জেফার রহমান, মুজা ও সঞ্জয়ের মতো শিল্পীরা গান পরিবেশন করেন।
বিকেল ৪টার দিকে হঠাৎ বৃষ্টি নামলে গ্যালারিতে ঢোকার লাইনে দাঁড়িয়ে থাকা অনেক ভক্ত ভিজে গেলেও, তাদের উৎসাহে ভাটা পড়েনি। জাতীয় স্টেডিয়ামের সংস্কার হওয়ায় গ্যালারিতে শেড থাকায় বেশিরভাগ দর্শক বৃষ্টি থেকে রক্ষা পান।
ম্যাচের আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 'বাংলাদেশ ফুটবল আলট্রাস' গ্রুপের সমর্থকরা স্লোগান ও নাচের মাধ্যমে মাঠের পরিবেশকে করে তোলে প্রাণবন্ত। গত কয়েকদিন ধরে টিকিটের দাবিতে আন্দোলন করা এই গ্রুপটি আজ মাঠে এসে জাতীয় দলের পাশে দাঁড়ায়।
সন্ধ্যা ৭টায় রেফারির বাঁশি বাজতেই মাঠে গড়িয়ে যায় বল।
স্বদেশ প্রতিদিন/এনআর