প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:৫৫ AM

ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগাল দ্বিতীয়বারের মতো ইউইএফএ নেশন্স লিগের শিরোপা জিতেছে। রোববার (৮ জুন) জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে ৫-৩ গোলে টাইব্রেকারে পরাজিত করে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়।
নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। স্পেনের মার্টিন জুবিমেন্দি ও মিকেল ওইয়ারজাবাল গোল করেন, পর্তুগালের পক্ষে নুনো মেন্ডেজ ও রোনালদো সমতা ফেরান। অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্পেনের আলভারো মোরাতার শট পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা ঠেকিয়ে দেন, আর রুবেন নেভেস স্পট কিক থেকে গোল করে পর্তুগালকে শিরোপা এনে দেন।
এই জয়ে রোনালদো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় শিরোপা অর্জন করলেন, এর আগে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৯ সালের নেশন্স লিগে শিরোপা জিতেছিলেন। ৪০ বছর বয়সী এই তারকা ম্যাচের শেষদিকে চোট পাওয়ায় মাঠের বাইরে থাকলেও, তার নেতৃত্বে পর্তুগাল শিরোপা নিশ্চিত করে। রোনালদো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “জাতীয় দলের হয়ে শিরোপা জেতা সবকিছুর ঊর্ধ্বে।”
স্পেনের ম্যানেজার লুইস দে লা ফুয়েন্তে তরুণ খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়লেও, টাইব্রেকারে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া হয়।
এই জয়ের মাধ্যমে পর্তুগাল প্রথম দল হিসেবে দুটি নেশন্স লিগ শিরোপা জয়ের কীর্তি গড়ল।
স্বদেশ প্রতিদিন/এনআর