প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:২৬ AM

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনী সীমান্তসহ দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবির টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আগের চেয়ে অনেক বেশি বাড়ানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, কোরবানির পশুর দেশীয় চাহিদা মেটাতে পর্যাপ্ত পশু থাকায় পার্শ্ববর্তী দেশ থেকে গরু অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ঈদের পর কুরবানির চামড়া পাচার ঠেকাতেও সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন জানান, ঈদ উপলক্ষে সীমান্তে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গরু চোরাচালান ও চামড়ার অবৈধ পাচার রোধে নিয়মিত টহল ও তথ্যভিত্তিক অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সম্প্রতি সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশইনের ঘটনায় বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে এই বিষয়ে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।
দেশপ্রেম, পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সবসময় তৎপর থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এনআর