প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:২৪ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনজন। শুক্রবার বিকেল ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোলভাঙার দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা রিতু পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক গনি মিয়া (৪০), যাত্রী ইউনুছ (২০) ও লিয়াকত (১৮)। এ ছাড়া আহত হন আরও দুজন, যাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করে। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন ও বেপরোয়া চালনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর