প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৫:৩৫ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, তার নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, অথচ এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমার কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। তারপরও আমার নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট থেকে অপপ্রচার চালানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
তিনি জানান, ভুয়া অ্যাকাউন্টগুলোর তথ্যসহ একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলেও এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। রিজভীর দাবি, “দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে এই ধরনের ডিজিটাল অপরাধ শনাক্তের জন্য, কিন্তু তারা কেন পদক্ষেপ নিচ্ছে না, তা প্রশ্নবিদ্ধ।”
তিনি বলেন, “রাষ্ট্র যদি চায়, তাহলে মুহূর্তেই ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে এবং অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারে।”
রিজভী জনগণকে এসব ভুয়া অ্যাকাউন্ট ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে বিশ্বাস করার অনুরোধ জানান।
স্বদেশ প্রতিদিন/এনআর