প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৫:২২ পিএম
জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বাসে
বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। এরপরেও বাড়তি ভাড়া নিলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, কোথাও কোনো অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে যানজটের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, ভাড়ার ব্যাপারে একটি বিচ্চুতির খবর পেয়েছি। এক জায়গায় ১০০ টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছিল, যা পরে ফেরত দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে অতিরিক্ত ভাড়া গ্রহণকারীকেও। কিছু ঢালাও অভিযোগ এসেছে, ভাড়া বেশি নেওয়ার বিষয়ে। নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছে। পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা। এর আগে মে মাসে লিটারে ১ টাকা কমানো হয়েছে জ্বালানি তেলের দাম।
স্বদেশ প্রতিদিন/আইজেপি